‘১০ জিবি ইন্টারনেট ফ্রি’ গুজব

৩০ মার্চ, ২০২০ ০৪:৩০  
করোনা ভাইরাসের এই সময়ে শেখ হাসিনার সরকার ‘১০ জিবি ইন্টারনেট ফ্রি’ দিচ্ছে। মোবাইলের এসএমএস এবং সোশ্যাল মিডিয়ার ইনবক্সে ঘুরছে এমনই একটি বার্তা। এটি নিছক ‘গুজব’ বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এরূপর গুজব বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘গুজব’ সৃষ্টিকারীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট টিম কাজ করছে। মন্ত্রীর বরাত দিয়ে তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং হোয়াটস অ্যাপসসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মহল বিশেষের ‘১০ জিবি ইন্টারনেট ফ্রি’ সংক্রান্ত একটি স্ট্যাটাসের প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে বলা হয়েছে ‘শেখ হাসিনার সরকার ১০ জিবি ইন্টারনেট দিচ্ছে ৩০ দিনের জন্য একদম ফ্রি। শুধু এই মেসেজটি ২৯ জনকে শেয়ার করুন ও দুই মিনিট পর ব্যালেন্স চেক করুন। প্রথমে আমিও বিশ্বাস করিনি, আমার বন্ধু পেয়েছে, তারপর আমি শেয়ার করেছি, আমিও পেয়েছি’। ‘বিষয়টি একেবারেই সত্য নয়। এটি মহল বিশেষের অসৎ উদ্দেশ্যে প্রচারিত একটি গুজব।’